বাংলাদেশ ও যুক্তরাজ্যে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগের মুখে সিটি মিনিস্টারের পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো প্রমাণিত হলে যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য (এমপি) পদও ছাড়তে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন।
শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক অনুষ্ঠানে এ কথা বলেন ফাহমিদা। ‘প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয়’ শীর্ষক সেমিনার ও আন্তর্জাতিক অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী দলের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ‘টিউলিপ আরেকটি দেশের রাজনৈতিক দলের সদস্য। তিনি বাংলাদেশের নাগরিক নন, এমনকি কমন সিটিজেনও নন। তিনি কীভাবে প্রধানমন্ত্রী খালার (স্বৈরশাসক শেখ হাসিনা) সঙ্গে রাশিয়া গিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন? টিউলিপের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারিসহ নানা অভিযোগ তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তিনি পদত্যাগ করতে দেরি করেছেন।’
প্রবাসীদের সেবায় বিদেশি হাইকমিশন ও ব্যাংকগুলোকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন ফাহমিদা খাতুন।
এ অর্থনীতিবিদ বলেন, ‘এয়ারপোর্টের প্রবাসী লাউঞ্জে যে বার্গার দেওয়া হচ্ছে, তা তারা খেতে অভ্যস্ত কি না, সেটা বুঝতে হবে। প্রবাসীরা সোনার হরিণ। তাদের সঠিকভাবে লালন-পালন করা প্রয়োজন। তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।’
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক বেলাল হোসেন এবং অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক কাজী আহসান হাবীব ও বেগম বদরুন্নেসা মহিলা কলেজের অধ্যক্ষ তামান্না বেগম। অনুষ্ঠানটি আয়োজন করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।