নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভীর বাসায় বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে অভিযান চালিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে চালানো এই অভিযানে উত্তপ্ত হয়ে উঠে পুরো দেওভোগ এলাকা।
রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল আইভীর বাসভবন ‘চুনকা কুটিরে’ অভিযান চালায়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, “আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে। এ কারণেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
অভিযানের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দা ও আইভীর সমর্থকেরা রাস্তায় নেমে আসে। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়। এরপর আইভীর বাড়ির প্রবেশপথে বাঁশ, ঠেলাগাড়ি, ও ভ্যানগাড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে তারা।
প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ১১টার পর থেকেই পুলিশের একাধিক গাড়ি এলাকায় অবস্থান নেয় এবং পরে বাড়ির ভিতরে প্রবেশ করে। তখন থেকেই পুলিশের দল বাড়ির মধ্যে অবরুদ্ধ হয়ে পড়ে বলে জানা গেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো আইভীর বাসায় অবস্থান করছে এবং তিনি নিজেও সেখানে আছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এই পরিস্থিতিতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।