ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (আগের টুইটার) এক পোস্টে বলেছেন, তাঁর দেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনো ‘বেশ ইতিবাচক’ সম্পর্ক রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর তিনি এই বার্তা দিলেন।
মোদি তাঁর পোস্টে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমার সম্পর্কের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের আবেগ-অনুভূতি ও ইতিবাচক মূল্যায়ন আমি গভীর কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করছি এবং একইভাবে তাঁকে তা ফিরিয়ে দিচ্ছি।’ তিনি আরও বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ‘খুবই ইতিবাচক এবং ভবিষ্যৎমুখী’ কৌশলগত অংশীদারত্ব রয়েছে।
ট্রাম্প সম্প্রতি মোদির সঙ্গে তার বন্ধুত্বের কথা আবারও সামনে এনেছেন। আগে ভারত চীনের দিকে ঝুঁকেছে বলে মন্তব্য করলেও পরে তিনি সুর নরম করে বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘বিশেষ সম্পর্ক’ আছে এবং দুশ্চিন্তার কিছু নেই।
মোদির এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কিছু বিষয়ে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ভারতের পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছে। এর কারণ হিসেবে তারা বলছে, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সমর্থন করছে নয়াদিল্লি।
এদিকে, গত সপ্তাহে মোদি সাত বছর পর চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে যোগ দেন। এটি দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করেছে বলে মনে করা হচ্ছে।
কাশ্মীর ইস্যুতে ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ভারত প্রত্যাখ্যান করায় তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। ভারত বরাবরই বলে আসছে যে কাশ্মীর একটি দ্বিপাক্ষিক ইস্যু এবং এতে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।