কুমিল্লার দেবিদ্বার উপজেলার মানবাধিকার কর্মী ও সাংবাদিক সেলিম রানাকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি ফেক আইডি ব্যবহার করে সন্দেহ করে কমেন্টে মিথ্যা, মানহানি ও হুমকিস্বরূপ মন্তব্য করা হয়েছে। এতে তার ব্যক্তিগত নিরাপত্তা এবং পরিবারের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সম্প্রতি ফেক আইডি থেকে সেলিম রানার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয় এবং বিভিন্ন কমেন্টের মাধ্যমে তাকে আক্রমণ ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। এমনকি তাকে গুম-খুন করার ষড়যন্ত্রেরও ইঙ্গিত পাওয়া গেছে। বিষয়টি নিয়ে সাংবাদিক মহল ও মানবাধিকার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন।
সাংবাদিক সেলিম রানা গণমাধ্যমে বলেন, “আমি ইতিমধ্যেই থানায় এবং জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। যারা ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমি ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি।”
স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, সেলিম রানা একজন সৎ, দেশপ্রেমিক ও ধার্মিক মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও দেশের স্বার্থে কাজ করে যাচ্ছেন। তার বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। বরং একটি কু-চক্র দল তার সামাজিক ও পেশাগত অবস্থান নষ্ট করার উদ্দেশ্যে এসব অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক ও দেবিদ্বার থানার ওসি মহোদয়ের কাছে অনলাইনে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। প্রশাসন সংশ্লিষ্টদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা।
সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো সেলিম রানার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। তারা বলেন, অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না।