ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) আলোচিত নেত্রী, শিবির প্যানেল থেকে নির্বাচিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন। শুক্রবার (০৩ অক্টোবর) রাতে বোরকা পরিহিত নিজের একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, আসল শিবির হইলো আমার মা, বাড়ি এলেই জোর করে বোরকা পরায়।
ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার পর থেকেই বিভিন্ন মন্তব্য ও পোস্টের মাধ্যমে আলোচনায় রয়েছেন ফাতিমা তাসনিম জুমা। শিবির প্যানেল থেকে নির্বাচন করায় তার নামটি তখন থেকেই ছিল সংবাদের শিরোনামে। সাম্প্রতিক এই পোস্টেও তিনি নিজস্ব ভঙ্গিতে তার ব্যক্তিগত জীবনের একটি দিক তুলে ধরেছেন।
ছবিটি শেয়ার করে জুমা তার ক্যাপশনে মা-কে ‘আসল শিবির’ হিসেবে উল্লেখ করেছেন। এই পোস্টের মাধ্যমে তিনি একদিকে যেমন হাস্যরসের সৃষ্টি করেছেন, তেমনি তার ধর্মীয় ও পারিবারিক পরিচয়ের একটি দিকও স্পষ্ট করেছেন।

ফাতিমা তাসনিম জুমা এর আগেও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন সাক্ষাৎকারে তার স্পষ্টবাদী বক্তব্যের কারণে আলোচিত হয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর ভয়েস অব ওয়াশিংটনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার অধিকার ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন, যা বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল। সেই সাক্ষাৎকারে জুমা বলেছিলেন, আমি সমান অধিকারে বিশ্বাসী না, আমি নায্য অধিকারে বিশ্বাসী। যেখানেই আমি বেশি পাই, সেখানে আমি বেশি চাই এবং যেখানে আমি কম পাই সেখানে আমার কমটা গ্রহণ করতে হবে।