বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান রাজনৈতিক দলগুলোকে নারীদের নিরাপত্তায় দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।
পলিসি মেকিংয়ে নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়ে জায়মা বলেন, ছাত্র নেতৃত্ব থেকে স্থানীয় সরকার পর্যন্ত পাইপলাইন সৃষ্টি করতে হবে। বিষয়টি ধরে রাখতে না পারলে সুযোগ-সুবিধা থাকবে না। ফলে ভালো ভালো নেত্রীদের আমরা সুযোগ দিতে পারব না। তাই ধারাবাহিকতা তৈরির পাশাপাশি ধরেও রাখতে হবে।
তিনি বলেন, কারও যদি রাজনীতি আর নাগরিক দায়িত্ব না থাকে, তাহলে কীভাবে বুঝবে এভাবে এই পথে যাওয়া উচিত। তাল গাছের ছায়ার মতো যদি কেউ একজন না থাকে, তাহলে কীভাবে ছোট গাছটা আবার বড় হবে? আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ-সুবিধা থাকে, কিন্তু নারীদের ওইভাবে দেওয়া হয় না। সব ছেলেরা করবে এমন নয়, নারীদের সংযোগও থাকতে হবে।
নিরাপত্তার বিষয়ে তিনি জোর দিয়ে তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব কোড অব কন্ডাক্ট থাকতে হবে, যাতে নারী নেত্রী বা কর্মীদের প্রতি কোনো ধরনের হয়রানি হলে দল দায় নেয় এবং তাদের পাশে দাঁড়ায়।
সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে একযোগে কাজ করলে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলেও মন্তব্য করেন জায়মা রহমান।