প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, ফ্যাসিবাদ আমলে প্রকল্প শুরু হতো, তবে সেই প্রকল্প শেষ হওয়ার সীমা নির্ধারণ ছিল না। এতে করে প্রকল্পের ব্যয় বৃদ্ধি পেত।
রোববার (২২ মার্চ) দুপুরে রাজবাড়ী পাংশা ও ঝিনাইদহের শৈলকুপা গড়াই নদীর উপর নির্মাণাধীন নাদুরিয়া গড়াই সেতু পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
আল মাহমুদ তিতুমীর বলেন, ২০২০ সালে এই সেতুর কাজ শুরু হলেও ২০২৬ সালে এসেও কাজ হয় নাই। অথচ কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের মধ্যে। এই সেতুর মতো সারাদেশে পতিত সরকার প্রকল্প ব্যয় বৃদ্ধি করে আমাদের ওপর ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। সেখান থেকে মুক্তি পেতে আমরা সঠিক সময়ে প্রকল্প শেষ করতে কাজ করছি।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি কথা নয়, কাজ দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হয়। আমাদের নির্বাচন ইস্তেহার অনুযায়ী আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।
এ সময় আইনমন্ত্রী ও ঝিনাইদহ-৪ (শৈলকুপা) আসনের সংসদ সদস্য মো. আসাদুজ্জামান বলেন, আজ আমরা ঠিকাদার এবং প্রশাসন কে নির্দিষ্ট একটি সময় বেঁধে দিয়েছি। সেতুর কাজ যেহেতু ৭০ ভাগ শেষ হয়েছে তাই আগামী ৭ নভেম্বর আমরা এ সেতু উদ্বোধন করতে পারবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী) আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুর সালাম মিয়া, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান প্রমুখ।