লা লিগার শিরোপা দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। রোববার (২২ মার্চ) রাতে রায়ো ভায়েকানোর বিপক্ষে ১-০ গোলের জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কাতালান ক্লাবটি।
ম্যাচের একমাত্র গোলটি আসে ২৪ মিনিটে। জোয়াও কানসেলোর নিখুঁত কর্নার থেকে দারুণ হেডে জাল খুঁজে নেন রোনালদ আরাউহো। তবে স্কোরলাইনে এক গোলের জয় হলেও ম্যাচের নায়ক একাধিক—গোলরক্ষক হোয়ান গার্সিয়া দুর্দান্ত কিছু সেভ করে দলকে এনে দেন পূর্ণ তিন পয়েন্ট।
শুরুর দিকে কিছুটা ছন্দহীন ছিল বার্সেলোনা। সেই সুযোগে রায়োর কার্লোস মার্তিন গোলের কাছাকাছি পৌঁছে গেলেও গার্সিয়ার দৃঢ়তায় রক্ষা পায় স্বাগতিকরা।
রক্ষণে দায়িত্বশীল পারফরম্যান্সের পাশাপাশি গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন আরাউহো। চোটের কারণে এরিক গার্সিয়া না থাকায় একাদশে সুযোগ পেয়ে সেটির পূর্ণ সদ্ব্যবহার করেন তিনি।
আক্রমণভাগে রাফিনিয়া কিছুটা হতাশ করলেও তরুণ তারকা লামিনে ইয়ামাল তার ড্রিবলিং ও সৃজনশীলতায় বারবার প্রতিপক্ষ রক্ষণে চাপ সৃষ্টি করেন। প্রথমার্ধে তার ওপর বক্সের ভেতরে ফাউল হলেও রেফারির বাঁশি পাননি।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে রায়ো ভায়েকানো। উনাই লোপেজ ও হোর্হে ডি ফ্রুতোস-এর একাধিক প্রচেষ্টা ঠেকিয়ে দেন গার্সিয়া। শেষ দিকে পাচা এসপিনো সমতা ফেরানোর সুযোগ নষ্ট করলে জয় নিশ্চিত হয় বার্সার।
এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ, ফলে দুই দলের ব্যবধান এখন ৭ পয়েন্ট।
এদিকে শিরোপা লড়াই আরও জমিয়ে তুলতে আজ রাতে মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে।