• রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

আমি আমার চেয়ারেই বসব: বিসিবি সভাপতি

অনলাইন ডেস্ক / / ১০ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভেতরে চলছে অস্থিরতা। গত দুই দিনেই পদত্যাগ করেছেন চারজন পরিচালক। এদিকে এর মধ্যেই অক্টোবরের বোর্ড নির্বাচনে অনিয়ম ও ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ তদন্তে গঠিত কমিটি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এত চাপের মুখেও নিজের পদ ছাড়তে রাজি নন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিজের চেয়ারের বসবেন তিনি।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রদিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।

২০২৫ সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে জালিয়াতির অভিযোগ নিয়ে তদন্ত করছিল সরকারের একটি উচ্চপর্যায়ের কমিটি। তারা বাংলাদেশ সরকারের কাছে সেই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি এবং বোর্ডের ভেতরে রাজনৈতিক হস্তক্ষেপ ও স্বজনপ্রীতির অভিযোগে ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির ওপর চাপ বাড়িয়েছে। এর মধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৬ জন পরিচালক বোর্ড থেকে পদত্যাগ করেছেন।

আমিনুল ইসলাম বলেন, ‘আমি আমার চেয়ারেই বসব, এছাড়া আমি আর কী করতে পারি? সবার শেষে যদি কেউ যায়, তবে আমিই হব সেই ব্যক্তি। আমার একটি অত্যন্ত নিবেদিত ও সৎ দল রয়েছে, তাদের নিয়ে আমি দেশের ক্রিকেটের সেবা করতে চাই।’

তিনি আরও যোগ করেন, ‘কেউই অপরিহার্য নয়। আমি আইসিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশি। আমি বলছি না আমি বিশাল কিছু, কিন্তু অভিজ্ঞতার কারণেই আমি এখানে বসেছি। দেশের জন্য সবকিছু ছেড়ে এখানে এসেছি। যদি পরিস্থিতি অনুকূলে না থাকে, তবে অন্য পথ দেখব, কিন্তু আপাতত আমি দেশের পাশেই থাকতে চাই।’

তদন্ত কমিটির মুখোমুখি না হওয়া প্রসঙ্গে আমিনুল জানান, সময়ের সাথে সমন্বয় না হওয়ায় তিনি সশরীরে উপস্থিত হতে পারেননি, তবে লিখিত জবাব পাঠিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা কাউন্সিলর মনোনয়নে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘নির্বাচনের সাথে আমার সরাসরি কোনো সম্পৃক্ততা ছিল না। গঠনতন্ত্র অনুযায়ী অ্যাড-হক কমিটির মাধ্যমেই কাউন্সিলরদের নাম আসার কথা। যখন আমরা দেখলাম মাত্র ৩টি নাম এসেছে, তখন আমরা জেলা ও বিভাগগুলোকে পুনরায় চিঠি পাঠিয়ে নাম পাঠাতে বলেছিলাম। এই একটি জায়গাতেই আমার সম্পৃক্ততা ছিল।’

২০২৫ সালের মে মাসে ফারুক আহমেদের স্থলাভিষিক্ত হয়ে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম। শুরুতে একে টি-টোয়েন্টি ইনিংসের মতো সংক্ষিপ্ত সময় বললেও অক্টোবর নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে সভাপতি নির্বাচিত হন। তবে সেই সময় সাবেক অধিনায়ক তামিম ইকবাল আমিনুলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category