জানা যায়, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জরুরি সভায় দেশের বৃহত্তম সার উৎপাদনকারী প্রতিষ্ঠান শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডসহ তিনটি প্রতিষ্ঠানে আগামী ৩ মাস (এপ্রিল-জুন) রেশনিংয়ের মাধ্যমে উৎপাদন অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সিদ্ধান্তের আলোকে গত ৩ এপ্রিল থেকে ফেঞ্চুগঞ্জের সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে এপ্রিল মাসে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ চালু রাখতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, শিল্প মন্ত্রণালয় ও পেট্রোবাংলাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই রেশনিংয়ের আওতায় থাকা আরেকটি প্রতিষ্ঠান হলো কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
জরুরি সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সই করা চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য চাপ ও অনিশ্চয়তা বিবেচনায় দেশের সার উৎপাদন অব্যাহত রাখার লক্ষ্যে গ্যাস সরবরাহ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।







