ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। দলটি বলছে, বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার সীমান্তে হত্যাকাণ্ডে ঘটাচ্ছে।
শনিবার (০৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, গতকাল ৮ মে রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে ভারতীয় রক্ষীবাহিনী গুলি করে হত্যা করেছে।
বিএসএফের এই হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায়। ভারত-বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ড শূন্যের কোটায় নিয়ে আসার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও হত্যাকাণ্ড ক্রমাগত বাড়ছেই। সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক।
বাংলাদেশ সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণেই ভারত বারবার বাংলাদেশ সীমান্তে হত্যাকাণ্ডে ঘটাচ্ছে।
গোলাম পরওয়ার উল্লেখ করেন, বাংলাদেশের জনগণ সবসময় প্রতিবেশীদের কাছে বন্ধুসুলভ আচরণ কামনা করে। আমরা আশা প্রকাশ করছি, ভারত সরকার সীমান্তে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বন্ধ করবে এবং মুরসালিন ও নবী হোসেনসহ আজ পর্যন্ত সীমান্তে সংঘটিত সব হত্যাকাণ্ডের সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, আমি নিহতদের রুহের মাগফিরাত কামনা করছি।