বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা আক্তারসহ সারা দেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ মে) সকাল ১১টায় ভাঙ্গুড়া স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
‘বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদ’-এর সহায়তায় এবং মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষে এই কর্মসূচির সভাপতিত্ব ও সার্বিক তত্ত্বাবধান করেন মো. সালেহ আহমেদ সবুজ।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা উদ্বেগ প্রকাশ করে বলেন, “বর্তমানে দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেক সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর গলে পার পেয়ে যাচ্ছে, যার ফলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়ছে। শিশু রামিসাসহ সকল শিশু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।”
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে কেবল আইন প্রয়োগ করলেই হবে না; আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে। সেই সঙ্গে শিশু নির্যাতনের বিরুদ্ধে তীব্র সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
মানববন্ধনে উপস্থিত শিক্ষার্থীদের পক্ষে নিজেদের নিরাপত্তা ও অধিকারের দাবি তুলে ধরে বক্তব্য দেয় শিক্ষার্থী আবু মো. আদিব ইরফান।
এ সময় সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান, নাগরিক ও প্রজন্ম পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. গোলাম মোস্তফা, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি মো. আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমারসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলায় এসে শেষ হয়। কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।