নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দ গ্রামে মনসা পূজা উদযাপন উপলক্ষে শ্রী শ্রী কালী মাতা মন্দির পরিদর্শন করেছেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা মোঃ হারুনার রশিদ (পাপ্পু)।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে তিনি মন্দির প্রাঙ্গণে উপস্থিত হয়ে পূজার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে হারুনার রশিদ পাপ্পু বলেন, দেশের সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে বলেন, “বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। এই ঐক্য ও সম্প্রীতি অটুট রাখতে হবে।”
তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে। তাই এসব আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ওয়ালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মনসা পূজা উদযাপন করা হচ্ছে। পূজাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
মন্দির পরিদর্শন শেষে হারুনার রশিদ পাপ্পু পূজার সফলতা কামনা করেন এবং সবার জন্য শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিদায় নেন।