কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর যুক্তরাজ্য আগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ৮টায় লন্ডনের বার্ডেট রোডস্থ যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রবাসী নেতাকর্মী ও কমিউনিটি ব্যক্তিত্বরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী প্রবাসীদের অবদানের কথা স্মরণ করে তাঁদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানান।
উক্ত আলোচনা সভায় যুক্তরাজ্য বিএনপির শীর্ষস্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।