মালদ্বীপের অদূরে ধিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আড়াইটার দিকে স্থানীয় একটি কনস্ট্রাকশন কোম্পানির গেস্ট হাউজে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য মালদ্বীপের রাজধানীতে প্রেরণ করা হয়েছে।
নিহতরা হলেন- তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। আহত দুজন হলেন— জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
জানা গেছে, বিস্ফোরণের পর গেস্ট হাউসের ভেতর থেকে সাতজনকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকেই মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ ওই আইল্যান্ডে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের বরাত দিয়ে জানান, আহতদের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনাস্থলে খোঁজ নিতে হাইকমিশনের একটি প্রতিনিধিদল পাঠানো হয়েছে এবং নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে। এ দুর্ঘটনায় মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
প্রবাসে অবস্থানরত বি এন পি জামায়াত প্রবাসে অধিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এদিকে প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মাধ্যমে বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য সার্বক্ষণিক যোগাযোগ রাখা হয়েছে। নিহতদের মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।নিহত ও আহতদের পরিবারের সাথে যোগাযোগ স্থাপন এবং তাদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কার্যক্রমও চলমান রয়েছে।