উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য সুখবর। যুক্তরাষ্ট্রের শীর্ষ বেসরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম ইউনিভার্সিটি অফ মিয়ামি ২০২৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ‘স্ট্যাম্পস স্কলারশিপ’ নামে একটি পূর্ণ অর্থায়িত বৃত্তির ঘোষণা দিয়েছে।
এই বৃত্তির আওতায় বিশ্বের যেকোনো দেশের মেধাবী শিক্ষার্থীরা স্নাতক (ব্যাচেলর) পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। নির্বাচিত শিক্ষার্থীদের চার বছরের শিক্ষাজীবনের প্রায় সব ধরনের ব্যয় বহন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
স্ট্যাম্পস স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন ফি মওকুফের পাশাপাশি ক্যাম্পাসে বিনামূল্যে আবাসন, খাবারের ভাতা, স্বাস্থ্যবিমা, পাঠ্যপুস্তক ও ল্যাপটপ ভাতা পাবেন। এছাড়া গবেষণা, ইন্টার্নশিপ এবং নেতৃত্ব উন্নয়নমূলক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য ১২ হাজার মার্কিন ডলারের বিশেষ এনরিচমেন্ট ফান্ডও দেওয়া হবে।
এই বৃত্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ স্নাতক প্রোগ্রামে আবেদন করা যাবে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন, হিসাববিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, পুরকৌশল, সামুদ্রিক প্রকৌশল, চারুকলা, স্বাস্থ্য ও ফিটনেস এবং ক্রীড়া বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে অধ্যয়নের সুযোগ রয়েছে।
আবেদনকারীদের অনলাইনে কমন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে উচ্চমাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, পূর্ববর্তী পরীক্ষার ফলাফল, স্কুল রিপোর্ট, সুপারিশপত্র, সহশিক্ষা কার্যক্রমের তথ্য এবং আর্থিক সহায়তা সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে হলে শিক্ষার্থীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে, বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলর প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন বা অফার থাকতে হবে এবং একাডেমিক ক্ষেত্রে কৃতিত্বের প্রমাণ দেখাতে হবে।
আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।