রোববার (২১ জুন) বিকেলে তিনটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আশরাফ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে মুকুলের কথা কাটাকাটি হয়। স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হয় এবং তখন সবাই উপজেলা চত্বর থেকে চলে যায়। ঘটনার কিছুক্ষণ পর, বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন বোনারপাড়া টু সাঘাটা সড়কের উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিল। সেখানে মুকুল, তার ভাই পলাশ এবং তাদের সহযোগী আশরাফ ধারাল অস্ত্র দিয়ে সাইফুল ইসলাম ও সালাউদ্দিনের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সাইফুল ইসলামকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।







