• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সর্বশেষ
চট্টগ্রামের হালিশহরে দিন দুপুরে পুলিশ লাইনের সামনে থেকে পুলিশের পিকআপ চুরি কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা আমড়াতলীতে চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে শাহীন, ভোটের মাঠে হিসাব পাল্টানোর আভাস মানবেতর জীবনযাপন করছেন দেশের মডেল মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা, প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী ঘানা ‘দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার’ বায়তুল মোকাররমের সেই সাবেক খতিব আটক দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন ‘সাত বছরে সরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় ব্যয় ৯৮৬ কোটি টাকা’ পদোন্নতি পেয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম

আদালতকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে জমি দখলের চেষ্টা, বিএনপি নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ

হাফিজুর রহমান সাতক্ষীরা প্রতিনিধি / ৩০ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে ২৫ শতক জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে উত্তেজনা দেখা দিয়েছে। আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের নেতৃত্বে বিরোধপূর্ণ জমি মাপজরিপের অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং স্থানীয় নেতা ও থানা প্রশাসনকে প্রভাবিত করার অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদারের মেয়ে মোছা. হালিমা খাতুন। তবে এসব অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা দাবি করেছে প্রতিপক্ষ পরিবার।

আদালত সূত্রে জানা গেছে, সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় পিটিশন মামলা নং ১৩৭৩/২৬ (কালিঃ) বিচারাধীন রয়েছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ ডিসেম্বর ২০২৬।
আদালতে দাখিল করা আবেদনে হালিমা খাতুন উল্লেখ করেন, গত ৮ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ শেখ আমানত আলীসহ কয়েকজন কালিগঞ্জ উপজেলার দেয়া মৌজার ৮৭ নম্বর জেএলভুক্ত ৪০৩ নম্বর এসএ এবং ৫১৯ ও ৭২৩ নম্বর বিএস খতিয়ানের ৬২৯ ও ৬৩৪ দাগের মোট ২৫ শতক বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। এ সময় তাঁরা ঘেরের বেড়িবাঁধ কেটে দেওয়া এবং জাল দিয়ে মাছ ধরে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিতে গেলে তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে আবেদনে অভিযোগ করা হয়েছে।

এ ছাড়া দীর্ঘদিন ধরে জমি জবরদখলের হুমকি, গাছপালা কেটে ফেলা, বসতঘর ভাঙচুর এবং বাধা দিলে অপহরণ, গুম ও মিথ্যা মামলায় হয়রানির হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেছেন তিনি।

এ পরিস্থিতিতে জমিতে শান্তিভঙ্গ ও সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করে প্রতিপক্ষের প্রবেশে নিষেধাজ্ঞা এবং বিরোধপূর্ণ জমিতে স্থিতাবস্থা বজায় রাখার আদেশ চেয়ে গত ৯ নভেম্বর আদালতে আবেদন করেন হালিমা খাতুন।

তবে অভিযোগের নতুন মাত্রা তৈরি হয় গত ১৩ নভেম্বর (শুক্রবার)। ওই দিন সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ডা. সফিকুল ইসলাম বাবু ও কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হাসানের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে মাপজরিপের কাজ চলছে।

এ সময় আদালতে মামলা বিচারাধীন থাকা জমিতে আদালতের কোনো নির্দেশনা বা আদেশ ছাড়া তাঁরা কীভাবে মাপজরিপ করছেন—এমন প্রশ্ন করা হলে ডা. সফিকুল ইসলাম বাবু ও আবু হাসান কালিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম তাঁদের এ দায়িত্ব দিয়েছেন বলে জানান।

বিষয়টি জানতে এসআই আব্দুর রহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে বিষয়টি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে আদালতে মামলা বিচারাধীন থাকা অবস্থায় এভাবে রাজনৈতিক নেতাদের দিয়ে জমি মাপ জরিপের দায়িত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি সুস্পষ্ট কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

এদিকে, জমি দখলের চেষ্টা ও স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাটানোর অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

অন্যদিকে, প্রতিপক্ষ শেখ আমানত আলী ও তাঁর সন্তানেরা অভিযোগ অস্বীকার করে নিজেদের জমির মালিকানা দাবি করেন। তাঁদের বক্তব্য, ২০০৯-১০ সালের দিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান সরদার তাঁদের কাছ থেকে ২৫ শতক জমি নিয়ে বিনিময়ে সমপরিমাণ জমি দেওয়ার মৌখিক চুক্তি করেছিলেন। পরবর্তীতে বিনিময়ের অংশ হিসেবে তাঁরা কিছু জমির দখল পেলেও বাকি জমি বুঝিয়ে না দিয়ে নানা টালবাহানা করা হয়।

তাঁরা আরও জানান, এ বিষয়ে সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ করেও কোনো সমাধান পাননি। ২০২০ সালে নিজেদের জমি পুনরায় দখলে নিতে সেখানে ঘর নির্মাণ করেন। তবে এক সপ্তাহের মধ্যে একই জমিতে হান্নান সরদারের বসতঘরে আগুন লাগে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। পরবর্তীতে সিআইডির তদন্ত প্রতিবেদনে ঘরটি কারা পুড়িয়েছে, তা শনাক্ত করা সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়। বর্তমানে তাঁরা স্থানীয়দের মাধ্যমে নিজেদের দাবিকৃত জমি বুঝে নেওয়ার চেষ্টা করছেন।

এদিকে হালিমা খাতুন ও তাঁর পরিবারের দাবি, জমির বৈধ মালিকানা যার, তা আদালতের মাধ্যমে নির্ধারিত হোক—এতে তাঁদের কোনো আপত্তি নেই। তাঁদের কাছে বৈধ কাগজপত্র না থাকলে আদালতের নির্দেশনা মেনে জমি ছেড়ে দিতেও তাঁরা প্রস্তুত। কিন্তু আদালতে মামলা চলমান থাকা অবস্থায় স্থানীয় রাজনৈতিক নেতাদের প্রভাব খাটিয়ে এবং পুলিশ প্রশাসনকে ম্যানেজ করে কেন জমি দখলের চেষ্টা করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা।

পরিবারটির দাবি, জমির মালিকানা ও দখলসংক্রান্ত বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হওয়া উচিত। কোনো ধরনের প্রভাব, চাপ কিংবা সংঘাতের পরিবর্তে প্রশাসন ও আদালতের হস্তক্ষেপে বিষয়টির শান্তিপূর্ণ সমাধান চান তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category