• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ
মনোহরগন্জে সরকারি প্রকল্পের সাইটে টাকা আদায়ের অভিযোগ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ফয়সালের বিরুদ্ধে! চীনকে চাপে রাখতে কৌশলগত জাল বুনছে ভারত-জাপান পোশাকশ্রমিকদের মজুরি চূড়ান্ত করতে আবারও বসছে বোর্ড গোপালগঞ্জে ৯৭ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ, চার প্রতিষ্ঠানের হিসাব তলব জিয়াউল আহসানের মতো মানুষের বেঁচে থাকার অধিকার নেই: চিফ প্রসিকিউটর শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: রণধীর জয়সওয়াল ১৩ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে দেশব্যাপী পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন কুমিল্লায় দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ৪২ হাজার টাকা নিয়েও কাজ হয়নি, ফেরত চাইলে অনৈতিক প্রস্তাব শরীয়তপুরে স্বাস্থ্য অফিস থেকে রাতে ব্যান্ডেজ বিক্রির অভিযোগ

২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে জিএসপি সুবিধা দেবে কানাডা

অনলাইন ডেস্ক / ২৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বাংলাদেশের পণ্যের জন্য ২০৩২ সাল পর্যন্ত অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) অব্যাহত রাখার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে কানাডা। স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরও দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশাধিকার বজায় রাখার ক্ষেত্রে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে একমত হয়েছে বাংলাদেশ ও কানাডা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা দ্বিপক্ষীয় পরামর্শের ষষ্ঠ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের ইন্দো-প্যাসিফিক বিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ যৌথভাবে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে প্রকাশিত যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দেশের মধ্যে বাণিজ্যের দ্রুত প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছে উভয় পক্ষ। ২০২৫ সালে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় ২৫ শতাংশ বেড়ে ৪০০ কোটি কানাডীয় ডলার ছাড়িয়ে যায়। এই ধারাবাহিকতা ধরে রাখতে অর্থনৈতিক অংশীদারিত্বের নতুন সুযোগ খুঁজে দেখার বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

বৈঠকে কৃষি, জ্বালানি, নিরাপত্তা ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি), দক্ষতা উন্নয়ন এবং শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশের এলডিসি থেকে মসৃণ ও টেকসই উত্তরণের বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। এ ক্ষেত্রে কাঠামোগত সংস্কার, অর্থনৈতিক সুশাসন জোরদার, বাণিজ্য প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের বিকাশে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার ওপর জোর দেয় দুই দেশ।

কানাডা জানায়, ২০৩২ সাল পর্যন্ত তাদের প্রাসঙ্গিক অগ্রাধিকারমূলক বাণিজ্য ব্যবস্থার আওতায় বাংলাদেশের পণ্যের জন্য বাজার সুবিধা অব্যাহত রাখার ইচ্ছা রয়েছে। এতে বাংলাদেশের রপ্তানিকারকদের জন্য কানাডার বাজারে বাণিজ্যিক সুযোগ ধরে রাখার পথ সহজ হবে।

বৈঠকে দীর্ঘদিনের উন্নয়ন অংশীদারিত্বের বিষয়টিও তুলে ধরে কানাডা। দেশটি জানায়, ১৯৭২ সাল থেকে বাংলাদেশকে ৬৩০ কোটি কানাডীয় ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে তারা।

এ ছাড়া গত অক্টোবরে বাংলাদেশ সফরকালে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের ঘোষিত ৪ কোটি ৫০ লাখ কানাডীয় ডলারের উন্নয়ন সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। অর্থনৈতিক সুশাসন, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসরকারি খাতের উন্নয়ন, বাণিজ্য সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে উদ্ভাবন এগিয়ে নিতে এ সহায়তা দেওয়া হবে।

এদিকে অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, জলবায়ু সহনশীলতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুই দেশ। ২০১৭ সাল থেকে রোহিঙ্গা মানবিক সহায়তা কার্যক্রমে কানাডার ৭০ কোটি কানাডীয় ডলারের বেশি অবদানের বিষয়টিও তুলে ধরা হয়।

রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদার সঙ্গে ও টেকসইভাবে মিয়ানমারে প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করার অঙ্গীকার করে বাংলাদেশ ও কানাডা।

এ ছাড়া গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায়কে স্বাগত জানায় দুই দেশ। দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট সমাধানে এ রায়ের গুরুত্ব তুলে ধরে তারা।

বৈঠকে বাংলাদেশ-কানাডা সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উভয় পক্ষ। অর্থনৈতিক, উন্নয়ন, বহুপক্ষীয় ও ভূরাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category