ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ‘বঞ্চিত’ ১১৯ কর্মকর্তাকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসব কর্মকর্তাদের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কর্মকর্তারা এক বা একাধিক পদে ভূতাপেক্ষ পদোন্নতির তারিখ হতে বিধি মোতাবেক প্রাপ্যতা অনুযায়ী সব আর্থিক সুবিধাদি পাবেন। কর্মকর্তারা বর্তমান অর্থ বছরে তাদের বকেয়া পাওনাদির ৫০ শতাংশ প্রাপ্য হবেন। অবশিষ্ট ৫০ শতাংশ তাঁরা পরবর্তী অর্থ বছরে (২০২৫-২৬) পাবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার বয়স ৫৭ (সাতান্ন)/৫৯ (উনষাট) বছর পূর্তি পর্যন্ত সর্বশেষ পদোন্নতিপ্রাপ্ত পদে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে চাকরিতে বহাল ছিলেন বলে গণ্য হবেন।
অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি শেষে অবসরের জন্য নির্ধারিত তারিখে সরকারি চাকরি হতে অবসরগ্রহণ করেছেন মর্মে গণ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বিধি মোতাবেক তাঁদের প্রাপ্যতা অনুযায়ী বকেয়া বেতন-ভাতাদি পেনশন ইত্যাদি সমন্বয়পূর্বক আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। সংশ্লিষ্ট কর্মকর্তার ইতোপূর্বে জারিকৃত পিআরএল/এলপিআর আদেশ এতদ্বারা বাতিল করা হলো। বেতন নির্ধারণের সময় অবসর উত্তর ছুটি/অবসর প্রস্তুতি ছুটি সমন্বয় করতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।