জাতীয় নাকি স্থানীয়, কোন নির্বাচন আগে হবে সেটি সরকারের সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেছেন, সরকারের চাওয়া অনুযায়ীই নির্বাচন আয়োজন করবে কমিশন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে নির্বাচন ভবনে ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ জানান, চলতি বছরের ডিসেম্বর মাস মাথায় রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। তবে সরকার চাইলে স্থানীয় সরকার নির্বাচন আগে আয়োজন করা হবে। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথে বড় কোন বাধা দেখছে না কমিশন। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন আয়োজনে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।
বৈঠক শেষে বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সেরা ভোট করতে সহায়তা করবে ইউএনডিপি।