কুমিল্লার দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়ার পর নবজাতককে বাবার হাতে তুলে দিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন এক নারী। এ ঘটনায় নবজাতকের বাবা পরিচয়ে মো. মমিন (২৪) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে লিজা আক্তার নামে ওই নারী দেবিদ্বার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন। বিকেল ৪টার দিকে নবজাতককে মো. মমিনের হাতে তুলে দিয়ে লিজা হাসপাতাল থেকে চলে যান।
স্থানীয় সূত্রে জানা যায়, লিজা আক্তার ও মো. মমিনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের সূত্রে লিজা গর্ভবতী হন। তবে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়নি। পরিবারের পক্ষ থেকেও ওই সম্পর্ক ও নবজাতককে গ্রহণ না করার বিষয়টি জানা গেছে।
লিজা আক্তার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামের কবির হোসেনের মেয়ে। আর নবজাতকের বাবা হিসেবে পরিচয় দেওয়া মো. মমিন একই এলাকার সাজু মিয়ার ছেলে।
এদিকে রোববার রাত ৮টার দিকে মো. মমিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। বর্তমানে নবজাতকটি দেবিদ্বার স্কয়ার হাসপাতালেই রয়েছে।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান হোসাইন বলেন, “শিশু আইন, ২০১৩ অনুযায়ী পরিবারের কেউ যদি শিশুটিকে নিতে চান, তাহলে পরিবারের কাছে দেওয়া হবে। আর পরিবার যদি শিশুটিকে নিতে না চায়, তাহলে আমরা শিশুটিকে সরকারি হেফাজতে নেব।”
শিশুটির ভবিষ্যৎ নিরাপত্তা ও অভিভাবকত্বের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।