গত ২ মে ২০২৫ ইং তারিখে “২ টাকায় উপহার” স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আয়োজন করা হলো “আনন্দের ছোঁয়ায় আপন ভুবন”। উত্তরা ১৩ নং সেক্টরে অবস্থিত রাজধানীর একটি বৃদ্ধাশ্রম “আপন ভুবন” এ অনুষ্ঠিত হয় এই আয়োজন।
এখানে বাস করেন সেইসব বৃদ্ধ মায়েরা, যাদের জীবনের শেষ প্রান্তে এসে ভরসা বলতে আছে কেবল এই ঘরটা। যেখানে নেই নিজের সন্তান, নেই পারিবারিক উষ্ণতা, আছে শুধু নীরবতা আর অপেক্ষা।
সেইসব পরিবারহীন, একাকী মায়েদের পাশে দাঁড়ানো, তাদেরকে একটু সময় দেওয়া, তাদের দুঃখের সঙ্গী হয়ে ওঠা, তাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তুলতেই তাদের এই ক্ষুদ্র প্রয়াস। “তারা আমাদের কোনো দায় নয়, তারা আমাদের দায়িত্ব।”
এই বৃদ্ধাশ্রমের মায়েদের জন্য সংগঠনটির পক্ষ থেকে ছিলো উপহার। তাদের প্রয়োজন অনুসারে, সাধ্য অনুযায়ী কিছু খাদ্যসামগ্রী (৫০ কেজি চাল, ২৫ কেজি ডাল এবং ১০ লিটার তেল) উপহার দিয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে সংগঠনটির মুখপাত্র তাদের প্রেস রিলিজ এ জানান “সংগঠনের সকলের সহযোগিতা, শ্রম ও ভালোবাসার মাধ্যমেই সম্ভব হয়েছে এই সুন্দর দিনের আয়োজন। আপনাদের প্রতি জানাই শ্রদ্ধা, ভালোবাসা এবং আন্তরিক কৃতজ্ঞতা। ছোট ছোট ভালোবাসার ছোঁয়ায় বদলে যাক মানুষের জীবন। সুন্দর হয়ে উঠুক পৃথিবী।”