এই মামলায় এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় হেরে গিয়েছিল। পরবর্তীতে রিভিউ আবেদন থেকে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সর্বশেষ শুনানিতে আদালত ৯৮৮ জন চাকরিচ্যুত কর্মচারীকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্মারকে চাকরিবিধি অনুসরণ করে এসব কর্মকর্তা-কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়। তবে ২০১১ সালে উচ্চ আদালতের একটি আদেশের পর জাতীয় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্তে তাদের চাকরিচ্যুত করা হয়। অভিযোগ ছিল, ওই নিয়োগে অনিয়ম হয়েছে এবং তা অবৈধ ছিল।
চাকরিচ্যুতির আগে এসব কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন সাবেক এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। তবে ২০০৬ সালের ২২ আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ সেই রিট খারিজ করে দেন। এরপর গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক ২০১০ সালের ১৫ ডিসেম্বর রিভিউ আবেদন করলে আদালত কর্মচারীদের চাকরিচ্যুত করার আদেশ দেন।







