দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে একেএম আসাদুজ্জামান নূর নামে এক কর পরিদর্শককে চাকরিচ্যুত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অফিসে রেকর্ড ১৮০ দিন বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার কারণে রোববার তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
এ বিষয়ে এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ১৩ আগস্ট একেএম আসাদুজ্জামান নূরকে পরিদর্শী রেঞ্জ-৪-এ বদলি করা হয়। সতর্ক করার পরও তিনি নিজেকে সংশোধন করেননি। নতুন কর্মস্থলে যোগদানের পরও তিনি বিনা অনুমতিতে নিয়মিত অনুপস্থিত থাকতে থাকেন।
সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪ সালের ১৬ জানুয়ারি বরিশাল কর অঞ্চলের কমিশনার তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য এনবিআরকে চিঠি দেন। পরে ওই বছরের ১২ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ২০ ফেব্রুয়ারি তিনি যে জবাব দেন, তা সন্তোষজনক না হওয়ায় এনবিআরের সংশ্লিষ্ট শাখা থেকে সদস্য বরাবর তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠানো হয়। অভিযোগনামা প্রেরণের পরও তিনি সশরীরে উপস্থিত হয়ে কোনো জবাব দেননি।
পরবর্তীকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর অঞ্চল বরিশালের পরিদর্শী রেঞ্জ-২-এর যুগ্ম কমিশনারকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে কর পরিদর্শক একেএম আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘ডিজারশন’-এর অভিযোগের সত্যতা প্রমাণিত হয়।
এর প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৪(৩)(গ) ধারা অনুযায়ী তাকে ২০২৪ সালের ৪ জানুয়ারি থেকে চাকরি হতে অপসারণ বা চাকরিচ্যুতির দণ্ড প্রদান করা হয়।