শিল্পী আক্তার, রংপুর ব্যুরো :- সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় নগর ভবন স্বাস্থ্যকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের সুরক্ষায় এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে রোববার (১৯ এপ্রিল) হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে প্রশাসক মাহফুজ উন নবী ডন সাংবাদিকদের উদ্দেশে বলেন, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের দায়িত্বশীল লেখনীর মাধ্যমে নগরবাসীর মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন এলাকায় এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এর আওতায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা ভ্যাকসিন প্রদান করা হবে।
সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ডে মোট ২৮০টি টিকাদান কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৪ দিনব্যাপী এ কার্যক্রম চলবে। প্রতিদিন ৩৮টি টিম মাঠে কাজ করবে এবং মোট ৭৮ হাজার ৬২৮ জন শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এসময় অভিভাবকদের উদ্দেশে বলা হয়, টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে আতঙ্কিত না হয়ে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করতে হবে। প্রয়োজনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে দ্রুত যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পেইন সফল করতে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।