• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

কবর খুঁড়ে বোনের কঙ্কাল কাঁধে ব্যাংকে ভাই, এরপর যা ঘটল

অনলাইন ডেস্ক/ / ২৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

মৃত বোনের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে গিয়ে অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি করলেন এক ব্যক্তি। মৃত্যুর প্রমাণ দিতে না পেরে শেষ পর্যন্ত বোনের কবর খুঁড়ে তার কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির হন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝর জেলায়।

জানা গেছে, দিয়ানালী গ্রামের বাসিন্দা আদিবাসী ব্যক্তি জিতু মুন্ডার বোন কাঁকড়া মুন্ডা প্রায় দু’মাস আগে মারা যান। স্বামী ও সন্তান আগেই মারা যাওয়ায় পরিবারের একমাত্র সদস্য ছিলেন জিতুই। ফলে বোনের সম্পত্তির বৈধ উত্তরাধিকারী হন তিনি।

পরবর্তীতে জিতু জানতে পারেন, ওড়িশা গ্রামীণ ব্যাংকে তার বোনের অ্যাকাউন্টে ১৯ হাজার ৩০০ রুপি জমা রয়েছে। সেই টাকা তুলতে ব্যাংকে গেলে কর্তৃপক্ষ তাকে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে বলে। অ্যাকাউন্টধারীর উপস্থিতি বা আইনি উত্তরাধিকার প্রমাণের নথি ছাড়া টাকা দেওয়া সম্ভব নয় বলে জানানো হয়।

শিক্ষাহীন ও আইনি প্রক্রিয়া সম্পর্কে অজ্ঞ জিতু মৃত্যুসনদ সংগ্রহের প্রয়োজনীয়তা বুঝতে পারেননি। বারবার বোঝানোর পরও ব্যাংক কর্তৃপক্ষ তার দাবি মানতে অস্বীকার করে। এতে হতাশ হয়ে তিনি চরম সিদ্ধান্ত নেন।

সোমবার গ্রামের কবরস্থানে গিয়ে বোনের সমাধি খুঁড়ে কঙ্কাল বের করেন জিতু। কাপড়ে মুড়ে সেই কঙ্কাল কাঁধে নিয়ে প্রায় তিন থেকে চার কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে পৌঁছন। ঘটনাস্থলে উপস্থিত মানুষজনের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশের অভিযোগ, ব্যাংক কর্তৃপক্ষ চাইলে গ্রামে গিয়ে যাচাই করতে পারতো বা স্থানীয় প্রধানের সঙ্গে কথা বলে বিষয়টি নিশ্চিত হতে পারত। তা না করে একজন অসহায় মানুষকে এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জিতুকে শান্ত করা হয় এবং বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ব্যাংক কর্তৃপক্ষের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

মানবাধিকার কর্মীদের মতে, এই ঘটনা শুধু সচেতনতার অভাবই নয়, বরং প্রশাসনিক কাঠামোর মানবিকতার ঘাটতিকেও স্পষ্ট করে তুলে ধরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category