কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, মন্ত্রিত্ব এত কঠিন জানলে দায়িত্ব নিতাম না। বাস্তব সত্য, অনেক বড় কঠিন কাজ। শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ মিলনায়তনে আয়োজিত আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সারাজীবনে আমি এক ঘণ্টার জন্য কোনোদিন চাকরি করি নাই। এই ৭৩ বছর বয়সে এখন ঢুকেছি চাকরিতে। আপনাদের কাছ থেকে দোয়া চাই, প্রতিটি মুহূর্তে ফাইট করতে করতে পাহাড় ভাঙতে না পারি, একটু ছিদ্র করে হলেও যেন ওপারে চলে যাওয়ার সুযোগ করে নিতে পারি। তাহলে জাতি উপকৃত হবে, আপনারাও উপকৃত হবেন। আগামী প্রজন্মও উপকৃত হবে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার ভূঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম প্রমুখ।