• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ
লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার শুধু আটকের সংখ্যা দিয়ে কি দুই আন্দোলনের তুলনা চলে? ট্রেনে কাটা পড়া নারীর ওপর দিয়ে গেল আরেক ট্রেন ইরানের সক্ষমতা দেখে কোনো শত্রু হামলার সাহস পাবে না: পেজেশকিয়ান বিশ্ববাজারে ৬ মাসের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছাল তেল হুথি হামলায় সম্পৃক্ততার সৌদি অভিযোগ অস্বীকার ইরানের দুর্গাপূজায় এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

৩৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে যে হিসাব চুকাতে চায় আর্জেন্টিনা

অনলাইন ডেস্ক / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। প্রতিপক্ষের নাম, টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ ধাপ কিংবা লিওনেল মেসির ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার কারণেই শুধু ম্যাচটি ঐতিহাসিক নয়। আরও একটি বিশেষ কারণ রয়েছে—৩৬ বছরের পুরোনো একটি আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছে আর্জেন্টিনা।

লিওনেল স্কালোনির দল সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে। ২০২১ কোপা আমেরিকায় ২৮ বছরের শিরোপাখরা কাটানোর পর এবার তাদের লক্ষ্য আরেকটি রেকর্ড ভাঙা। সেটি হলো—বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে জয়। যা তারা সর্বশেষ করেছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে।

বিশ্বকাপজয়ী কোনো দলের বিপক্ষে আর্জেন্টিনার সর্বশেষ জয় আসে সেই ইতালি বিশ্বকাপের শেষ ষোলোয়। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল তারা। ক্লদিও ক্যানিজিয়ার করা সেই গোলেই বিদায় নিয়েছিল ব্রাজিল। গোলের আগে তিনি গোলরক্ষক ক্লাউদিও তাফারেলকে কাটিয়ে বল জালে জড়ান।

এরপর থেকে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের বিপক্ষে প্রতিবারই হয় পরাজিত হয়েছে, নয়তো টাইব্রেকারে ভাগ্য নির্ধারণ হয়েছে। তবে এই হিসাবের মধ্যে কোপা আমেরিকায় ব্রাজিল বা উরুগুয়ের বিপক্ষে ম্যাচ এবং ২০২২ সালের ফিনালিসিমায় ইতালির বিপক্ষে জয় ধরা হয়নি।

১৯৯০ বিশ্বকাপে ব্রাজিলকে হারানোর পর সেমিফাইনালে স্বাগতিক ইতালির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ১-১ গোলে ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জয় পায় কার্লোস বিলার্দোর দল। তবে ফাইনালে পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হতে হয় তাদের।

এরপর আবার কোনো বিশ্বচ্যাম্পিয়ন দলের মুখোমুখি হতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপ পর্যন্ত। শেষ ষোলোয় প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ২-২ গোলে সমতায় শেষ হয়। টাইব্রেকারে গোলরক্ষক কার্লোস রোয়ার দুর্দান্ত নৈপুণ্যে ৪-৩ ব্যবধানে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে আর্জেন্টিনা।

২০০২ সালে কোরিয়া-জাপান বিশ্বকাপেও গ্রুপ পর্বে আবারও ইংল্যান্ডের মুখোমুখি হয় আলবিসেলেস্তেরা। তবে এবার ভাগ্য সহায় হয়নি। ১-০ গোলে হেরে যায় তারা এবং শেষ পর্যন্ত গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়।

এরপর শুরু হয় জার্মানির বিপক্ষে তিক্ত স্মৃতি। ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ১-১ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারে আর্জেন্টিনা। সেই ম্যাচটি স্মরণীয় হয়ে আছে গোলরক্ষক রবার্তো আব্বোন্দানজিয়েরির চোটের জন্যও। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার দল জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়। এরপর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালেও মারিও গোটজের একমাত্র গোলে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলোয় তাদের সামনে দাঁড়িয়েছিল তৎকালীন বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। রোমাঞ্চকর ম্যাচে ৪-৩ ব্যবধানে জিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জেতে ফরাসিরা।

কাতার বিশ্বকাপে আবারও ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। ফাইনালের নির্ধারিত ও অতিরিক্ত সময় ৩-৩ গোলে শেষ হলেও টাইব্রেকারে এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজের দুর্দান্ত পারফরম্যান্সে ৪-২ ব্যবধানে জয় পায় আর্জেন্টিনা। গঞ্জালো মনতিয়েলের সফল স্পটকিকে নিশ্চিত হয় তৃতীয় বিশ্বকাপ শিরোপা।

তবে উল্লেখযোগ্য বিষয় হলো, কাতার বিশ্বকাপের সেই জয়টি নির্ধারিত ৯০ মিনিট বা অতিরিক্ত সময়ে আসেনি। তাই ১৯৯০ সালের পর থেকে বিশ্বচ্যাম্পিয়ন কোনো দলের বিপক্ষে স্বাভাবিক সময়ে জয়ের অপেক্ষা এখনও শেষ হয়নি।

এবারের বিশ্বকাপে ইংল্যান্ডই প্রথম বর্তমান বা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন দল, যাদের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ৩৬ বছরের সেই আক্ষেপ কি এবার ঘুচবে? নির্ধারিত সময়েই কি বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয় তুলে নিতে পারবে স্কালোনির দল?

ইতালি ‘৯০–এর পর বিশ্বচ্যাম্পিয়ন দলগুলোর বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ম্যাচ

ইতালি ১ (৩)–১ (৪) আর্জেন্টিনা — ১৯৯০ বিশ্বকাপ সেমিফাইনাল (টাইব্রেকারে আর্জেন্টিনার জয়)
আর্জেন্টিনা ০–১ পশ্চিম জার্মানি — ১৯৯০ বিশ্বকাপ ফাইনাল
আর্জেন্টিনা ২ (৪)–২ (৩) ইংল্যান্ড — ১৯৯৮ বিশ্বকাপ শেষ ষোলো (টাইব্রেকারে আর্জেন্টিনার জয়)
আর্জেন্টিনা ০–১ ইংল্যান্ড — ২০০২ বিশ্বকাপ গ্রুপ পর্ব
আর্জেন্টিনা ১ (২)–১ (৪) জার্মানি — ২০০৬ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল (টাইব্রেকারে জার্মানির জয়)
আর্জেন্টিনা ০–৪ জার্মানি — ২০১০ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা ০–১ জার্মানি — ২০১৪ বিশ্বকাপ ফাইনাল
আর্জেন্টিনা ৩–৪ ফ্রান্স — ২০১৮ বিশ্বকাপ শেষ ষোলো
আর্জেন্টিনা ৩ (৪)–৩ (২) ফ্রান্স — ২০২২ বিশ্বকাপ ফাইনাল (টাইব্রেকারে আর্জেন্টিনার জয়)

সূত্র: টিওয়াইসি স্পোর্টস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category