বেসরকারি এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের জন্য বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। আজ মঙ্গলবার (২ জুন) বিভাগের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা প্রকাশ করা হয়। এর মাধ্যমে মাদরাসা শিক্ষকদের দীর্ঘদিনের একটি বড় দাবি পূরণ হলো।
নতুন নীতিমালা অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদপ্তর প্রথমে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা ও বিস্তারিত বিবরণ একটি নির্দিষ্ট সময়ে অনলাইনে প্রকাশ করবে। এরপর সেই শূন্যপদের ওপর ভিত্তি করে আগ্রহী শিক্ষকদের কাছ থেকে বদলির আবেদন আহ্বান করা হবে। সরকারের প্রজ্ঞাপনে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন গ্রহণ, বদলির আদেশ জারি এবং নতুন কর্মস্থলে যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
কারা আবেদন করতে পারবেন
নীতিমালায় বলা হয়েছে, শিক্ষকেরা কেবল সমমান বা সমস্তরের মাদরাসায় এবং সমপদে বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে এই সুযোগ পেতে হলে প্রথম যোগদানের পর সংশ্লিষ্ট শিক্ষকের চাকরির বয়স ন্যূনতম দুই বছর পূর্ণ হতে হবে।
আবেদনকারী শিক্ষক বা শিক্ষিকারা তাঁদের চাকুরির আবেদনে উল্লেখিত নিজ জেলা ছাড়াও পারিবারিক সুবিধাজনক যেকোনো জেলায় বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন।
গুরুত্বপূর্ণ কিছু শর্ত
নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, একজন শিক্ষক বা শিক্ষিকা তাঁর পুরো চাকরিজীবনে সর্বোচ্চ তিনবার বদলি হওয়ার সুযোগ পাবেন। বদলি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া, শর্তাবলি, যোগ্যতা যাচাই এবং আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে সম্পন্ন করা হবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য ও নির্দেশনাবলি কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এই নীতিমালার ফলে মাদরাসা শিক্ষকদের কর্মক্ষেত্রে আরও গতিশীলতা আসবে এবং পারিবারিক বা ব্যক্তিগত কারণে সমস্যায় থাকা শিক্ষকেরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।