সারা দেশে সরকারি অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম পুরোদমে চললেও চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন এসব মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদিমসহ সংশ্লিষ্ট কর্মচারীরা।
বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে নির্ধারিত সামান্য সম্মানি দিয়ে পরিবার-পরিজন নিয়ে সংসার চালানো এবং নিজেদের দৈনন্দিন খাবারের ব্যয় নির্বাহ করা তাঁদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এ অবস্থায় দুর্দশা লাঘবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় কর্তৃক জারি করা ‘মডেল মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৬’ অনুযায়ী, সাধারণ কাঠামোতে একজন পেশ ইমাম মাসিক ২০ হাজার টাকা, মুয়াজ্জিন ১৫ হাজার টাকা এবং খাদিম ১২ হাজার টাকা সম্মানি পান। এছাড়া খতিব ও নিরাপত্তা প্রহরীদের পদ রাখা হয়েছে চুক্তিভিত্তিক। নীতিমালায় আর্থিক সক্ষমতা থাকা মসজিদগুলোকে যথাক্রমে ১০ম, ১৬তম ও ১৮তম গ্রেডে বেতন দেওয়ার সুযোগ রাখা হলেও দেশের অধিকাংশ উপজেলা পর্যায়ের মডেল মসজিদের নিজস্ব আয় তেমন না থাকায় কর্মীরা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
ভুক্তভোগী ইমাম ও মুয়াজ্জিনদের সাথে কথা বলে জানা গেছে, দেশের প্রচলিত গ্রামীণ মসজিদগুলোতে স্থানীয় বাসিন্দাদের বাড়ি থেকে পালাক্রমে ইমাম-মুয়াজ্জিনের খাবার দেওয়ার সামাজিক প্রথা থাকলেও সরকারি মডেল মসজিদে সেই নিয়ম নেই। সরকারি এই মসজিদগুলোতে দূর-দূরান্ত থেকে আসা উচ্চশিক্ষিত ও যোগ্য আলেমরা দায়িত্ব পালন করেন। ফলে নিজ বেতনের সামান্য টাকা থেকেই নিজেদের তিন বেলার খাবার ও পরিবারের খরচ চালাতে গিয়ে তাঁদের নিয়মিত ধারদেনা করতে হচ্ছে।
মডেল মসজিদে কর্মরত একাধিক ইমাম ও মুয়াজ্জিন ক্ষোভ প্রকাশ করে জানান, বর্তমান সরকার দেশের সাধারণ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতার আওতায় আনার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। তবে সরকারি মডেল মসজিদগুলোতে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়া সত্ত্বেও তাঁদের এখনো সরকারের রাজস্ব খাতে (স্থায়ী সরকারি চাকরি) অন্তর্ভুক্ত করা হয়নি। চাকরির স্থায়িত্ব না থাকায় এবং বেতন বৈষম্যের কারণে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সচেতন মহল ও ইসলামিক চিন্তাবিদদের মতে, মডেল মসজিদগুলো রাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের খেদমতে থাকা আলেম ও কর্মচারীদের অভাব-অনটনের মধ্যে রেখে মসজিদের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সেবার মান ধরে রাখা কঠিন। স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) মসজিদের নিজস্ব তহবিল বা বিশেষ বরাদ্দ থেকে আপাতত তাঁদের খাবারের ব্যবস্থা করতে পারেন। তবে এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে সকল জনবলকে দ্রুত রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে সম্মানজনক জাতীয় বেতন স্কেল কার্যকর করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।