২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্পেন। এদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির স্ত্রী এলিসা মনতেরো একজন স্প্যানিশ। তাহলে শিরোপা নির্ধারণী ম্যাচে কোন দলকে সমর্থন দিচ্ছেন স্কালোনির স্ত্রী?
ম্যাচের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কালোনি নিজেই জানিয়েছেন সেই তথ্য। আর্জেন্টাইন কোচ জানান, তার স্ত্রী স্প্যানিশ হলেও ফাইনালে পরিবারের সমর্থন থাকবে আর্জেন্টিনার পক্ষেই।
স্কালোনি বলেন, ‘আমার স্ত্রী ও সন্তানরা অবশ্যই আমাদের, অর্থাৎ আর্জেন্টিনার পক্ষেই থাকবে। আমার স্ত্রী স্প্যানিশ হলেও আমি কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, কতটা চাপের মধ্যে আছি, সেটা সে খুব ভালোভাবেই বোঝে। আর আমার সন্তানরা তো আরও ভালো বোঝে।’
২০০৮ সালে স্পেনের মায়োর্কা ক্লাবে খেলতে যাওয়ার পর সেখানেই এলিসা মনতেরোর সঙ্গে পরিচয় হয় স্কালোনির। পরে তাদের বিয়ে হয়। তাদের দুই ছেলে ইয়ান ও নোয়া—দুজনেরই জন্ম স্পেনের মায়োর্কা দ্বীপে।
স্পেনে জন্ম হলেও বাবার কারণে দুই সন্তানই আর্জেন্টিনার সমর্থক। ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ের পর উদযাপনে তাদের আকাশি-সাদা জার্সি পরে স্কালোনি ও আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের সঙ্গে আনন্দ করতে দেখা গেছে।
তবে স্কালোনির স্ত্রীর পরিবারের জন্য ফাইনালটি সহজ হবে না। এ প্রসঙ্গে আর্জেন্টিনা কোচ বলেন, ‘মায়োর্কায় আমার স্ত্রীর পরিবারের সদস্যরা নিশ্চয়ই দ্বিধায় রয়েছে। তাদের জন্য এটি কঠিন একটি পরিস্থিতি, আমি সেটা বুঝতে পারি। তবে যাই হোক, শেষ পর্যন্ত তারা খুশিই থাকবে।’
স্কালোনির ভাষ্য অনুযায়ী, তার স্ত্রীর পরিবারের সবাই স্পেনের সমর্থক হওয়ায় তারা অবশ্যই নিজেদের দেশের দ্বিতীয় বিশ্বকাপ জয় দেখতে চাইবেন। তবে আর্জেন্টিনা জিতলেও পরিবারের একটি বড় অংশের আনন্দে তারাও সান্ত্বনা খুঁজে পাবেন।