যেভাবে উদ্ধার হয় তাহসিফের মরদেহ
গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় নৌ পুলিশ। পরে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মরদেহ উদ্ধারের সময় তাহসিফের পরনে সাদা পাজামা ও কালো জামা ছিল। তার হাতে একটি ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। ওই ফোনের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়।
তুরাগ নদের কাছে নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেল
তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে কাছাকাছি এলাকায় নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল পাওয়া গেছে। মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই করছে পিবিআই।
এর আগে টঙ্গীর মাজার বস্তি এলাকায় তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূরে তাহসিফের একটি মোটরসাইকেল উদ্ধারের তথ্য জানিয়েছিল পিবিআই। মোটরসাইকেলটির পরিচয় ও ঘটনার সঙ্গে এর সংশ্লিষ্টতা তদন্তের অংশ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে।
মায়ের সাথে কথা বলে বাসা থেকে বের হয়েছিলেন তাহসিফ
গত ২৭ অক্টোবর সন্ধ্যায় মাকে ‘দ্বীপ আসছে, ওর সঙ্গে কথা বলে আসি’ বলে বাসা থেকে বের হয়েছিলেন বিমানবাহিনীর সাবেক এই কর্মকর্তা। এরপর আর বাসায় ফেরেননি তিনি।
পরদিন (২৮ অক্টোবর) তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর থেকেই তার মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের রহস্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
একদিকে দ্বীপের দাবি, ধাওয়ার মুখে নদীতে ঝাঁপ দিয়েছিলেন তাহসিফ। অন্যদিকে তার বাবার বক্তব্য, সাঁতার জানা একজন প্রশিক্ষিত পাইলটের ক্ষেত্রে এমন পরিস্থিতির ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। এর সঙ্গে দ্বীপের বারবার বক্তব্য পরিবর্তন এবং মোটরসাইকেল উদ্ধারের বিষয়টিও তদন্তকে নতুন মাত্রা দিয়েছে।
তবে তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ, তাকে কেউ ধাওয়া করেছিল কি না এবং ঘটনার সময় আসলে কী ঘটেছিল, তা এখনো নিশ্চিত নয়। এসব প্রশ্নের উত্তর পেতে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
তদন্ত করছে নৌ পুলিশ, ছায়া তদন্তে পিবিআই
তাহসিফের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলাটি তদন্ত করছে নৌ পুলিশ। তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় পিবিআইও ছায়া তদন্ত শুরু করেছে। পাশাপাশি নৌ পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছে সংস্থাটি।
পিবিআই জানিয়েছে, ছায়া তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত পরবর্তী সময়ে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
সবকিছু মিলিয়ে তাহসিফের মৃত্যুর ঘটনায় নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। তিনি কীভাবে নদীতে পড়েছিলেন, সেখানে কারা তাদের ধাওয়া করেছিল এবং ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।