চট্টগ্রামে বৃষ্টির ছায়া যেন থামছেই না-আর তাতেই অনিশ্চয়তায় পড়ে গেছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বুধবার (২৯ এপ্রিল) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের টস হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়, কিন্তু অবিরাম বৃষ্টির কারণে তা সময়মতো অনুষ্ঠিত হতে পারেনি।
ম্যাচের আগের দিন থেকেই ভারী বর্ষণে ভিজে ছিল চট্টগ্রাম। বুধবার সকালেও ছিল গুমোট আবহাওয়া, এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় বৃষ্টি, যা থেমে থেমে চলতে থাকে দীর্ঘ সময় ধরে। ফলে মাঠের উইকেট ও আশপাশের অংশ ঢেকে রাখা হয়েছে কভার দিয়ে। আবহাওয়ার এমন আচরণে মাঠ প্রস্তুত রাখা কঠিন হয়ে পড়েছে গ্রাউন্ডসম্যানদের জন্য।
নির্ধারিত সময়েই স্টেডিয়ামে পৌঁছায় দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে বৃষ্টি ও বজ্রপাতের কারণে ড্রেসিং রুমেই অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেটারদের। মাঠে নামার মতো পরিস্থিতি তৈরি না হওয়ায় আপাতত সবার নজর আকাশের দিকে-কখন থামবে বৃষ্টি, সেই অপেক্ষা।
প্রেসবক্স সূত্রে জানা গেছে, ম্যাচটি ন্যূনতম পাঁচ ওভারে নামিয়ে আনার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে বিকেল ৪টা ৫০ মিনিটের মধ্যে খেলা শুরু করতে হবে। এর মধ্যে ম্যাচ শুরু করা না গেলে সেটি পরিত্যক্ত ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
এর আগে ওয়ানডে সিরিজেও আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের সেই সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল টাইগাররা। ফলে টি-টোয়েন্টি সিরিজেও এগিয়ে থাকার আত্মবিশ্বাস নিয়েই দ্বিতীয় ম্যাচে নামার প্রস্তুতি ছিল তাদের-কিন্তু আপাতত সবকিছুই নির্ভর করছে প্রকৃতির খেয়ালের ওপর।