রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম জৌপুই পাড়ায় সময়মতো চিকিৎসাসেবা না পাওয়ায় ওয়ারেন্টি ত্রিপুরা নামে এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইউপিডিএফ (প্রসীত) ও বাবুধন চাকমার অনুসারীদের সড়ক অবরোধের কারণে ওই নারীকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়ক যোগাযোগে প্রতিবন্ধকতা থাকায় সাজেকের প্রত্যন্ত এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে গর্ভবতী নারী, শিশু ও গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি বাড়ছে।
ওয়ারেন্টি ত্রিপুরার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, সড়ক অবরোধের কারণে জরুরি রোগী পরিবহন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ফলে দুর্গম এলাকার বাসিন্দারা সময়মতো চিকিৎসা পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় বাসিন্দারা অবিলম্বে সড়ক যোগাযোগ স্বাভাবিক করা, জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা নিশ্চিত করা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে অবরোধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠা ব্যক্তিদের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
দুর্গম পাহাড়ি জনপদে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়াতে জরুরি চিকিৎসাসেবা, নিরাপদ যাতায়াত এবং সাধারণ মানুষের চলাচলের অধিকার নিশ্চিত করা এখন জরুরি।