সরকার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদনহীন দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২৫ এপ্রিলের মধ্যে অনুমোদন ব্যতীত পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদনের জন্য আবেদন করতে বলা হয়েছে।
সোমবার (৩০ জুন) ইউজিসির ইন্টারন্যাশনাল কোলাবোরেশন বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছা: জেসমিন পারভীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশ সরকার ও ইউজিসির অনুমোদন ছাড়াই বিভিন্ন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার ও টিউটোরিয়াল সেন্টার পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে এমন বেশ কিছু প্রতিষ্ঠানের তালিকা কমিশনের হাতে এসেছে। ‘বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস বা স্টাডি সেন্টার পরিচালনা বিধিমালা, ২০১৪’ অনুযায়ী এসব কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন বাধ্যতামূলক।
ইউজিসি জানায়, অননুমোদিত সব প্রতিষ্ঠানকে বিধিমালার ধারা ৪ (৩)-এর দফা (ঝ) অনুসারে অনুমোদনের জন্য আগামী ২৫ এপ্রিলের মধ্যে কমিশনে আবেদন করতে হবে। একইসঙ্গে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমসহ সব ধরনের কার্যক্রম আপাতত স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।