এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা ও মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
‘ভারি থেকে অতিভারি’ বৃষ্টিপাতের প্রভাবে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
সোমবার (২৭ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ‘মাঝারি ধরনের ভারি’ থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।
এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা ও মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
তবে হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। অপরদিকে ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলো এখনো ‘প্রাক-মৌসুমি বিপৎসীমার’ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান গণমাধ্যমকে বলেন, আমরা মূলত তিন দিনের জন্য সতর্কতা বার্তা দিয়েছি। বুধবার থেকে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বন্যা বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত। বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।