সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বিএনপির দলীয় সভা সফল করতে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। দলীয় সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর মেন্দিভাগস্থ একটি মিলনায়তনে প্রস্তুতি সভায় এই আয়োজনের রূপরেখা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ূম চৌধুরী। তিনি বলেন, “রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের পাশে দাঁড়ায়। এই সমাবেশকে সুশৃঙ্খল ও সফল করতে প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য কেবল সাংগঠনিক শক্তি প্রদর্শন নয়, বরং জনসেবার মাধ্যমে মানুষের আস্থার ঠিকানা হয়ে ওঠা।”
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “দলকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন মানুষ অনুভব করে বিএনপি শুধু রাজনীতি নয়, বিপদে-আপদেও পাশে থাকে।”
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন যৌথভাবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী এমপি এবং মহানগর সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
সভায় বক্তারা দুর্যোগ ব্যবস্থাপনা, যুব উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সেবা নেটওয়ার্ক তৈরির মাধ্যমে দলকে আরও মানবিক ও আধুনিক করার তাগিদ দেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই সভা হবে জনআকাঙ্ক্ষার প্রতিফলন এবং সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি মাইলফলক।
প্রস্তুতি সভায় জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, ডা. নাজমুল ইসলাম, নাজিম উদ্দিন লস্কর ও মাহবুব কাদির শাহি। যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন, সিদ্দিকুর রহমান পাপলু, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক ও আবুল কাশেম।