দেশের সব সরকারি কলেজের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত থেকে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) মাউশির উপ-পরিচালক (কলেজ-১) মো. নুরুল হক সিকদার স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, ‘সকল সরকারি কলেজে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে যথাসময়ে নিয়মিত উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
এ নির্দেশনার অনুলিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সব আঞ্চলিক কার্যালয়ের পরিচালক, সরকারি কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
মাউশির এ নির্দেশনার মাধ্যমে সরকারি কলেজগুলোর শিক্ষক ও কর্মচারীদের নিয়মিত উপস্থিতি এবং প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।