চলতি বছর এইচএসসি পরীক্ষার রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে কোনো ধরনের ভুল বা অসঙ্গতি নেই বলে স্পষ্ট করে জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
গত বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয় পত্রের পরীক্ষা শেষে আটটি সৃজনশীল প্রশ্নের কয়েকটিতে অসঙ্গতি রয়েছে বলে দাবি করেন শিক্ষক ও অভিভাবকদের একাংশ। এতে পরীক্ষার্থীদের উত্তর মূল্যায়ন ও নম্বর পাওয়া নিয়ে উদ্বেগ তৈরি হয়।
রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রে কোনো ভুল নেই এবং এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের শঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান। এ বিষয়ে কোনো অপপ্রচারে কান না দিতেও বলেছেন তিনি।
প্রসঙ্গত, কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী দিপু মনির নিজ এলাকার যুবলীগের নেতার মালিকানাধীন কয়েকটি নামসর্বস্ব অনলাইন পত্রিকা ও ফেসবুক পেজে বাংলা ও ইংরেজি ভাষায় অপপ্রচার চলছে যে রসায়ন দ্বিতীয় পত্রে ভুল রয়েছে।