কুমিল্লার দেবিদ্বার উপজেলার সংচাইল শালঘর এলাকায় সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ এবং কারখানার বর্জ্যে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছে আউয়াল চেয়ারম্যানের বিরুদ্ধে। এ বিষয়ে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, আউয়াল চেয়ারম্যান সংচাইল শালঘর এলাকায় সরকারি খাস জমি দখল করে ‘প্রভাতী ফিড’ নামে একটি কারখানা এবং ‘সংচাইল পেট্রোল পাম্প’ গড়ে তুলেছেন। দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি দখলে রেখে তিনি এই ব্যবসা পরিচালনা করছেন বলে স্থানীয়দের দাবি।
এলাকাবাসীর অভিযোগ, ‘প্রভাতী ফিড’ কারখানায় মাছ, মুরগি ও গরুর খাদ্য উৎপাদন করা হলেও বর্জ্য অপসারণের কোনো সঠিক ব্যবস্থা নেই। কারখানার উৎপাদিত বর্জ্য ও ময়লা-আবর্জনা যথাযথভাবে অপসারণ না করে রাস্তার পাশে ফেলা হচ্ছে। এতে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ধ্বংস হচ্ছে এবং বর্জ্যের উৎকট দুর্গন্ধে ওই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন।
এমতাবস্থায় সরকারি খাস জমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশ দূষণ রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী ও পথচারীরা।