রাজধানীর ৩০০ ফিট সড়কে কোনো ডাকাতির ঘটনাই ঘটেনি। এই সংশ্লিষ্ট খবরটি একেবারেই ভিত্তিহীন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে প্রচারিত একটি ভিডিওতে ওই সড়কে ডাকাতির যে দাবি করা হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজধানীর ৩০০ ফিট সড়কে কোনো ধরনের ডাকাতির ঘটনা ঘটেনি।
ডিএমপি জানিয়েছে, প্রকৃত ঘটনা-যাচাই না করে চাঞ্চল্যকর শিরোনামে এ ধরনের সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
গণমাধ্যমের দায়িত্বশীলতার জায়গা থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করছে ডিএমপি।