নাচ, গান, আবৃত্তি ও বৈশাখী মেলার আয়োজনের মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয় শুভসংঘের সদস্যরা। অনুষ্ঠানকে ঘিরে মাঠজুড়ে ছিল মানুষের উপচে পড়া ভিড়। মাঠের এক প্রান্তে বসে বৈশাখী মেলা—যেখানে ছিল মাটির পুতুল, হরেক রকমের মাটির সামগ্রী, কুটিরশিল্পের নানান সামগ্রী, শিশুদের খেলনা এবং বিভিন্ন ধরনের খাবারের দোকান। অন্য প্রান্তে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপভোগ করতে দর্শকদের ছিল ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস।
উপজেলা শুভসংঘের সদস্য অংকিতা কর্মকার ও পূজা সাহার নেতৃত্বে “এসো হে বৈশাখ এসো এসো” গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে নাচ, গান ও আবৃত্তি পরিবেশন করেন বিভিন্ন বয়সের শিল্পীরা। তাদের পরিবেশনায় মুগ্ধ হয়ে দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।
কালের কণ্ঠের প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু, সভাপতি মহিবুল্লাহ এবং সাংস্কৃতিক সম্পাদক অসীম কর্মকার অনুষ্ঠানটি পরিচালনা করেন। অনুষ্ঠানে আমন্ত্রিতদের আপ্যায়নের ব্যবস্থাও ছিল শুভসংঘের পক্ষ থেকে।





