বাংলাদেশ কয় ঋতুর দেশ?- এমন প্রশ্নে হাত উঠলো একাধিক শিশুর। বৈশাখ কোন ঋতুতে?- এই প্রশ্নেও একাধিক হাত। এবার ঘোষণা এলো উপস্থিত সাত শিশুর সবাইকেই দেওয়া হবে পুরস্কার। মেলা থেকে পছন্দমতো তারা কিনতে পারবে খেলনা।
ইভা নামে এক অভিভাবক রীতিমতো থমকে দাঁড়ালেন। প্রশ্ন ছুড়ে দিলেন, এটা কারা দিচ্ছে? বসুন্ধরা শুভসংঘের কথা বলতেই মাথা নাড়িয়ে সায় দিলেন। নিজেই নিয়ে গেলেন সাত শিশুকে। পছন্দমতো শিশুরা খেলনা কিনলো। এছাড়া আগে থেকেই কিনে রাখা মাটির তৈরি হাতি, গরু ইত্যাদি তাদের দেওয়া হলো।
বসুন্ধরা শুভসংঘের এ আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায়। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরের মেলা থেকে সাত শিশুকে তাদের পছন্দমতো খেলনা কিনে দেওয়া হয়। সাহিত্য একাডেমি উদ্যোগে জাসাস এর সহযোগিতায় মেলা শুরু হয়েছে মঙ্গলবার থেকে।
এ উদ্যোগের প্রশংসা করে অভিভাবক ইভা বলেন, ‘এটা তো নিসন্দেহে একটা ভালো উদ্যোগ। এর আগে এমন উদ্যোগ আমি আগে কখনো দেখিনি। পহেলা বৈশাখে এমন উদ্যোগ গ্রহন করার জন্য আমি বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
খেলাঘর ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক নীহার রঞ্জন সরকার বলেন, ‘শিশুদের জন্য এমন আয়োজন নিসন্দেহে প্রসংশনীয়। আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে। শিশুরা প্রশ্নের উত্তর দিয়ে মেলা থেকে পছন্দ মতো কিছু কেনার যে ধারণা এটা সত্যিই ব্যতিক্রম। এর আগেও বসুন্ধরা শুভসংঘ ব্রাহ্মণবাড়িয়াতে ব্যতিক্রম বেশ কিছু আয়োজন করেছে। তাদের এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’
সাহিত্য একাডেমির পরিচালক নন্দিহা গুহ বলেন, ‘মেলা এসে শিশুরা নিজের পছন্দ মতো খেলনা কিনেছে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে। এমন উদ্যোগের সঙ্গে জড়িত থাকতে পেরে আমারও খুব ভালো লাগছে। সত্যিই এটি খুব প্রশংসনীয় উদ্যোগ।’