সদ্য সমাপ্ত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের হারের পেছনে প্রেসিডেন্ট জো বাইডেনকে দুষেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে পেলোসি বলেন, প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে আরও আগে সরে দাঁড়ালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য আরও প্রার্থী থাকতে পারত।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) নিউইয়র্ক টাইমসে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়। যদিও বাইডেনকে দুষলেও কমলা হ্যারিসের প্রশংসা করেছেন পেলোসি। কমলা হ্যারিসকে নিয়ে তিনি বলেন, ‘কমলা মানুষের মধ্যে আশা জাগিয়েছেন। প্রার্থী বাছাইয়ের প্রতিদ্বন্দ্বিতা হলে কমলা জিততেন। হয়তো কমলা আরও বেশি শক্তিশালী হতেন এবং জনগণের খুব কাছে যেতে পারতেন।
সাক্ষাৎকারে ন্যান্সি পেলোসি বাইডেন সম্পর্কে বলেন, ‘তড়িঘড়ি করে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়ার পেছনে জো বাইডেন দায়ী। তিনি আরও আগে সরে দাঁড়ালে কমলা আরও বেশি মানুষের কাছে যেতে পারতেন এবং জনসমর্থন আদায় করতে পারতেন।’
যুক্তরাষ্ট্রে নির্বাচনে প্রার্থী হিসেবে নির্বাচিত হতে কয়েক মাস ধরে নির্বাচনী প্রচার ও বিতর্ক চলে। বাইডেন আবার নির্বাচনের ঘোষণা দেওয়ার পর ডেমোক্র্যাটিক পার্টি আর কোনো প্রার্থী বাছাই করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
যদিও নির্বাচনের চার মাস আগে বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় ডেমোক্র্যাটিক পার্টি অনেকটা তড়িঘড়ি করে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী মনোনীত করে।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিসকে অনেকটা ধরাশায়ী করে জয়লাভ করেন রিপাবলিকান প্রার্থী এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন এবং এইবার তিনি ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। (সূত্র: বিবিসি, নিউ ইয়র্ক টাইমস)