শনিবার (১৮ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নে বন্দিনী ফাউন্ডেশনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. সাবরিনা হুসেন মিষ্টি। এ সময় তিনি সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তোলেন এবং তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানোর গুরুতর দাবি করেন।
ডা. সাবরিনা জানান, ২০২০ সালে তাকে করোনা সনদ জালিয়াতি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি দাবি করেন, তার বিরুদ্ধে করা এই মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। সাবরিনা বলেন, করোনা মোকাবিলায় সরকারির নানা ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠছিল, তখন জনগণের নজর অন্যদিকে সরাতে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়।
ডা. সাবরিনা বলেন, আমার মামলার সময়ে সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ তেজগাঁও জোনের ডিসি ছিলেন। আমাকেও তেজগাঁও থানার একটি মামলায় সম্পৃক্ত করা হয়। পরে তিনি আমাকে আনঅফিসিয়ালি ফোন করে ব্যক্তিগতভাবে সেখানে যেতে বলেন। পরে একাধিকবার ফোন করে আমাকে যেতে বলেন। তবে ওনার কি উদ্দেশ্য ছিল তা জানা নেই। পরে আমাকে যখন তেজগাঁও থানায় ডেকে নেওয়া হলো সেবার তার সঙ্গে দেখা হলে তিনি আমাকে প্রশ্ন করেন- কোন মেডিকেল কলেজ ও কততম বিসিএস? এই দুটো প্রশ্ন করে তিনি আমাকে গ্রেপ্তার করলেন। কিন্তু গণমাধ্যমে নানা কিছু বলে নাটক সাজিয়ে তিনি আমাকে গ্রেপ্তার দেখান।







