বাংলাদেশের ভবিষ্যৎ এখনও সমৃদ্ধ নয়। দেশের অনেক কিছু পাওয়ার আছে। উজ্জ্বল ভবিষ্যতের জন্য অবশ্যই আমাদের ভাবতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সোমবার (৩১ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নানা শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা জানান।
এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘পারস্পরিক দূরত্ব থেকে আমাদের সরে আসতে হবে। যাতে জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।’
প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে আমরা ঈদের মহোৎসব পালন করছি। ঈদের বাণীই হচ্ছে নিজেদের মধ্যে সমঝোতা, অতীতকে পেছনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া। সমাজে এরকম একটা দিন আমরা স্থির করতে পেরেছি, এটাই আমাদের জন্য একটা মস্তবড় আশীর্বাদ।
তিনি বলেন, ঈদের দিন যেমন-তেমন দিন না। এ দিনে যেমন তেমনভাবে দেখা করলে হয় না, কোলাকুলি করতে হয়। এটাই ধর্মের বিধান। আমরা কোলাকুলি করে সবাইকে আপন করে নিই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন।’
তিনি আরও বলেন, ‘আমরা সেই বাণী প্রত্যেকেই যেন মনে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল, সেই দূরত্ব থেকে যেন আমরা দূরে সরে আসতে পারি। এটা সমাজের মঙ্গল। সমাজের মঙ্গল যেন আমরা নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সে জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাতে আমরা পরস্পর কাছে আসতে পারি। পারস্পরিক দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়া এই সময়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেটা যেন আমরা অর্জন করতে পারি।’
ড. ইউনূস বলেন, ‘আজকের দিন আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে নিজের আগ্রহে চলতে পারে। কারো ভয়ে, ভীত হয়ে তাকে চলতে না হয়। আমরা সবাই সবার মঙ্গল কামনা করি। আমরা জাতির জন্য শান্তি চাই এবং সারা পৃথিবীর জন্য শান্তি চাই।’