অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের আসন্ন গণভোট, সংসদ নির্বাচন, সংস্কার এবং সংবিধান সংশোধন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানতে চাওয়া হলে এর প্রেক্ষিত, পটভূমিসহ জুলাই সনদের বিষয়গুলো ব্যাখ্যা করে আলী রীয়াজ বলেন, গণতান্ত্রিক পথযাত্রাকে সুন্দর ও মসৃণ করতে এবং আর যাতে মানুষের অধিকার বঞ্চিত না হয় সেজন্যই অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে সংস্কারের উদ্যোগ গ্রহণ করছে।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অব্যাহত সমর্থন প্রদানের আশ্বাস ব্যক্ত করে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলনেতা ইভারস ইজাবস জানান, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বরাররই শ্রদ্ধাশীল। এর সার্থক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের সংস্কার ও গণভোট আয়োজনের প্রতি তিনি সমর্থন ব্যক্ত করেন।
ইভারস ইজাবস আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের এক নতুন যাত্রা শুরু হবে। এবং গণতান্ত্রিক বাংলাদেশের সাথে ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আগামীতে আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, প্রতিনিধি দলে আরও ছিলেন- উপপ্রধান নির্বাচন পর্যবেক্ষক ইন্টা লাসে, রাজনৈতিক বিশ্লেষক মি. মার্সেল নাগি, মি. ক্যালেরি রিকার্ডো, এইরিনি গৌনারি ও মিসেস অ্যান মার্লবরো।