মধ্যপ্রাচ্যের আকাশ যখন যুদ্ধের উত্তাপে উত্তপ্ত, ঠিক তখনই সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘প্রিন্স সুলতান’ বিমান ঘাঁটি লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, রিয়াদের দক্ষিণ-পূর্বে অবস্থিত এই কৌশলগত সামরিক ঘাঁটিটি লক্ষ্য করে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রটি শেষ পর্যন্ত একটি জনবসতিহীন এলাকায় আছড়ে পড়েছে। সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সরকারি মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রটি সরাসরি জনশূণ্য প্রান্তরে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই হামলাটি সৌদি আরবের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়, কারণ প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি শুধু সৌদি আরবেরই নয়, বরং মার্কিন সামরিক বাহিনীরও একটি বড় ঘাঁটি হিসেবে পরিচিত। এখানে সৌদি ও মার্কিন সেনাদের যৌথ অবস্থান থাকায় এই হামলাকে আন্তর্জাতিক মহলে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে।
ক্ষেপণাস্ত্রটি ঠিক কোথা থেকে বা কারা নিক্ষেপ করেছে, সে বিষয়ে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক অস্থিরতার মাঝে এমন হাই-প্রোফাইল সামরিক ঘাঁটিতে হামলার চেষ্টা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। রিয়াদের নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার লক্ষ্য ছিল মূলত সৌদি ও মার্কিন যৌথ সামরিক সক্ষমতাকে চ্যালেঞ্জ করা। বর্তমানে ওই এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে এবং হামলার উৎস শনাক্তে জোর তদন্ত চলছে।
সূত্র- আল জাজিরা