ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পদক্ষেপ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (১৩ মার্চ) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটমের প্রধান অ্যালেক্সি লিকাচেভ এ কথা জানান।
মস্কোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে লিখাচেভ বলেন, তারা মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। বিশেষ করে ইরানের পরিস্থিতি নিয়ে। তিনি আইএইএ প্রধানকে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বর্তমানে কী ঘটছে সে সম্পর্কেও অবহিত করেছেন।
লিখাচেভ বলেন, পুতিন এই বিষয়টিতে ঘনিষ্ঠভাবে জড়িত এবং নিরাপত্তা পরিস্থিতি, সম্ভাব্য সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং কেন্দ্রটির উৎপাদন ও নির্মাণ কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে নিয়মিত তাকে রিপোর্ট দেওয়া হয়।
তিনি বলেন, আমি বলতে পারি যে, প্রেসিডেন্ট আমাদের সহকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সেখান থেকে লোকজন সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত কনভয়গুলোর নিরাপত্তা জোরদার করতে কয়েকটি অতিরিক্ত পদক্ষেপ নিয়েছেন। তবে তিনি এর বিস্তারিত ব্যাখ্যা দেননি।
তিনি আরও বলেন, রোসআটমের কাছে কখনোই ইরানে পারমাণবিক অস্ত্র থাকার কোনো তথ্য ছিল না।
এ পর্যন্ত আমি বুঝতে পারছি যে রাজনৈতিক বক্তব্য ছাড়া অন্য কোনো প্রমাণ দেওয়া হয়নি।
তিনি আরও যোগ করেন, যতদিন সম্ভব আমরা সেখানে উপস্থিত থাকব এবং বুশেহর-১ যেন স্বাভাবিকভাবে চালু থাকে তা নিশ্চিত করার জন্য সবকিছু করবো। পাশাপাশি নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রটিও যেন দ্রুত আবার নির্মাণ প্রকল্প হিসেবে চালু করা যায় সেই সম্ভাবনাও আমরা ধরে রাখছি।
এর আগে রোসআটম এক বিবৃতিতে জানায়, লিখাচেভ ও গ্রোসি আন্তঃবিভাগীয় পর্যায়ে আরেক দফা আলোচনা করেছেন, যেখানে জফরজিয়া পারমাণু শক্তি কেন্দ্রকে ঘিরে পরিস্থিতিও আলোচনায় আসে।
সূত্র: আনাদলু